পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে আফগানিস্তান সীমান্তসংলগ্ন বাদার এলাকায় সামরিক গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে সরকারি সূত্রে জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তীব্র গোলাগুলির পর উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১২ সেনা ও ১৩ জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আরো অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তারা দাবি করেছে, সেনাদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করেছে। ইসলামাবাদ জানিয়েছে, নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।
স্থানীয় সূত্র বলছে, ভোরে হামলার পর দীর্ঘ কয়েক ঘণ্টা আকাশে উড়োজাহাজ টহল দিয়েছে সেনারা, পাশাপাশি জঙ্গিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় সেনাবাহিনীর গাড়িবহর চলাচলের আগে প্রায়ই কারফিউ জারি করা হয়। তবে ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি তালেবানের হামলার মাত্রা বেড়েছে।
ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগান তালেবান প্রশাসন ভারতের সহায়তায় পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তান সেনাবাহিনী বলেছে, আফগান অন্তর্বর্তী সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে তারা আশা করছে।

