নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি এখন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তার অনুরোধে প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেন এবং আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর নেপালের তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা সুশীলা কার্কির নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করে।
যে কারণে জেন-জির কাছে পছন্দের সুশীলা—
২০১৬ সালে সুশীলা কার্কি প্রধান বিচারপতির দায়িত্ব নেন এবং মাত্র এক বছরের দায়িত্বকালেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আলোচনায় আসেন। তার এই অবস্থান তৎকালীন সরকারকে চাপে ফেলে। তাকে অভিসংশনের চেষ্টা হলেও সাধারণ মানুষের প্রতিবাদে তা ব্যর্থ হয়।
২০১৭ সালে তিনি নিজে থেকেই দায়িত্ব ছাড়েন, তবে দুর্নীতিবিরোধী আপসহীন মনোভাবের কারণে তিনি তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।
বার্তা সংস্থা রয়টার্স মতে, নেপালের সুপ্রিম কোর্টের আইনজীবী জে এল ভান্ডারি বলেন, “সুশীলা কার্কি অভিসংশনের মুখে পড়েছিলেন, কিন্তু তার নীতি থেকে সরেননি। দেশের অচলাবস্থা মোকাবিলায় তিনি সেরা পছন্দ।”
তবে তার রাজনীতিতে অভিজ্ঞতা না থাকায় সরকারের সুষ্ঠু পরিচালনার জন্য তাকে শক্তিশালী দল গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সহকর্মী দিপেন্দ্র ঝা।

