যুক্তরাজ্যে ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। দুই শেতাঙ্গ তাকে ধর্ষণের পর পূর্বপুরুষের দেশ ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ওল্ডবারি টাউনে। পুলিশ এটিকে ‘বর্ণবাদী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে এবং দুই অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে। তাদের খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক তদন্ত চলছে।
বার্মিংহামলাইভের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুই ধর্ষকের একজন গাঢ় রঙের শার্ট এবং অন্যজন ধূসর রঙের পোশাক পরেছিল। এ ঘটনায় ব্রিটেনের শিখ সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা এটিকে পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন।
ব্রিটিশ এমপি প্রিত কৌর গিল এ ঘটনাকে প্রকাশ্য বর্ণবাদ বলে নিন্দা জানান। তিনি বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
এর আগে, এক মাসেরও কম সময় আগে উলভারহ্যাম্পটনের একটি রেলস্টেশনের বাইরে তিন কিশোর দুই শিখ বৃদ্ধের ওপর হামলা চালায়। ভিডিওতে দেখা যায়, ওই দুই বৃদ্ধকে মাটিতে ফেলে মারধর করা হয়। নতুন এই ধর্ষণের ঘটনা শিখ সম্প্রদায়ের মধ্যে ভীতি ও ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে।

