দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল নেপালে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের সিদ্ধান্তে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। তারা প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রসহ আটটি দল যৌথ বিবৃতিতে পার্লামেন্ট পুনর্বহালের আহ্বান জানায়। তারা অভিযোগ করে, প্রেসিডেন্ট পাউডেল নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে আইনসভা ভেঙে দিয়েছেন, যা অসাংবিধানিক। বিক্ষোভকারীদের দাবি মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হন। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও আন্দোলন তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ক্ষুব্ধ বিক্ষোভকারীরা কাঠমান্ডুর পার্লামেন্ট ভবন ও সরকারি দপ্তরে আগুন দেয়, ফলে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
প্রধান রাজনৈতিক দলগুলোর দাবি, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ আদালতের পূর্ববর্তী রায় লঙ্ঘন করেছে। যদিও “জেন জি” আন্দোলনের অন্যতম দাবি ছিল পার্লামেন্ট বিলুপ্তি। ইতিমধ্যে আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আট দলের মতে, এসব দাবি সংসদের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট পাউডেল সব পক্ষকে সংযম দেখাতে এবং সফল নির্বাচনের জন্য কাজ করতে আহ্বান জানান। তিনি বলেন, “কঠিন পরিস্থিতিতেও শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হচ্ছে। সংবিধান, সংসদীয় ব্যবস্থা ও ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র টিকে আছে। ছয় মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে আরো কার্যকর গণতন্ত্র গঠনের সুযোগ রয়েছে।”
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি শনিবার শপথ নেন। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির কারণে আন্দোলনকারীদেরও সমর্থন পাচ্ছেন তিনি। তবে তার সামনে চ্যালেঞ্জ বড়— আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, ভাঙচুর হওয়া ভবন পুনর্নির্মাণ, তরুণদের আস্থা ফিরিয়ে আনা এবং সহিংসতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা।
বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর নেপাল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। সেনারা টহল শেষে ব্যারাকে ফিরে গেছে। আন্দোলনের সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে।
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে বিক্ষোভকারীরা পরবর্তীতে রাজনৈতিক অভিজাতদের দুর্নীতি ও দায়হীনতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে।
এর আগে “নেপো কিড” প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনধারা ও দুর্নীতির অভিযোগকে সামনে আনে। সোমবার রাতেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিক্ষোভ অপ্রতিরোধ্য হয়ে ওঠে।

