কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্বীকার করেছেন, এ হামলা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটেন ও ইসরায়েল সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “অবশ্যই আমরা এ ঘটনায় সন্তুষ্ট নই, প্রেসিডেন্টও সন্তুষ্ট নন। তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না। এ বিষয়ে আলোচনা প্রয়োজন, বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় এর প্রভাব নিয়ে।”
গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলের হামলায় পাঁচ হামাস নেতা এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় এ পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতারও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

