যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অভিবাসনবিরোধী এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মানুষ। ডানপন্থি কর্মী টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাল্টা সমাবেশে অংশ নেন আরও প্রায় ৫ হাজার বর্ণবাদবিরোধী কর্মী।
রয়টার্স জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের কেন্দ্রীয় এলাকায় “ইউনাইট দ্য কিংডম” শীর্ষক সমাবেশে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ যোগ দেন। অপরদিকে “স্ট্যান্ড আপ টু রেসিজম” ব্যানারে পাল্টা সমাবেশে যোগ দেন প্রায় ৫ হাজার মানুষ। সমাবেশের আকার অনুমোদিত রুট অতিক্রম করলে হোয়াইটহলের মতো প্রশস্ত সড়কেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। পুলিশের ওপর বিক্ষোভকারীরা বোতল, ফ্লেয়ার ও অন্যান্য বস্তু নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আহত ২৬ পুলিশ সদস্যের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সহিংসতায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বলেন, “যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিক্ষোভে অংশ নেওয়া অনেকে ব্রিটেন ও ইংল্যান্ডের পতাকা ছাড়াও আমেরিকান ও ইসরায়েলি পতাকা বহন করেন। অনেকেই ডোনাল্ড ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন” টুপি পরে অংশ নেন এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন।
টমি রবিনসন সমাবেশে বলেন, “আজ ব্রিটেনে এক সাংস্কৃতিক বিপ্লবের সূচনা হলো। এটি আমাদের মুহূর্ত।” তিনি এই আন্দোলনকে “দেশপ্রেমের জলোচ্ছ্বাস” বলে আখ্যা দেন। টুইটার এক্সের মালিক ইলন মাস্কও ভিডিও বার্তা পাঠিয়ে সরকার পরিবর্তনের আহ্বান জানান এবং দাবি করেন, ব্রিটিশরা মতপ্রকাশের স্বাধীনতা ব্যবহার করতে ভয় পাচ্ছেন।
রবিনসনের আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি এই কর্মী নিজেকে “রাষ্ট্রীয় অন্যায় উন্মোচনকারী সাংবাদিক” বলে পরিচয় দেন। তবে অভিবাসনবিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকে তার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে।
এদিকে পাল্টা সমাবেশে অংশ নেওয়া শিক্ষক বেন হেচিন বলেন, “বিদ্বেষ আমাদের বিভক্ত করছে। যত বেশি মানুষকে আমরা স্বাগত জানাবো, তত বেশি আমরা শক্তিশালী হবো।”
শনিবার দুই সমাবেশ ঘিরে লন্ডনে মোতায়েন করা হয় প্রায় ১ হাজার ৬০০ পুলিশ সদস্য, যার মধ্যে ৫০০ পুলিশ অন্য অঞ্চল থেকে আনা হয়। একই দিনে বড় ফুটবল ম্যাচ ও কনসার্ট থাকায় পুলিশের ওপর চাপ আরও বেড়ে যায়।
এ বছর এখন পর্যন্ত ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ২৮ হাজারের বেশি অভিবাসী ব্রিটেনে প্রবেশ করেছেন। রেকর্ডসংখ্যক আশ্রয় আবেদন জমা পড়ায় অভিবাসন ইস্যু দেশটির রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

