নেপালে জেন-জি আন্দোলনের সময়ের বিক্ষোভ ও সহিংসতার কারণে দেশটির পর্যটন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। হোটেল ভাঙচুর, বুকিং বাতিল এবং যাতায়াত বিঘ্নিত হওয়ায় আনুমানিক ২৫ বিলিয়ন রুপি বা ২৫০০ কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে।
সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের ৮–৯ তারিখে অনুষ্ঠিত বিক্ষোভের কারণে পর্যটন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুই ডজনের বেশি হোটেল বিক্ষোভ ও অরাজকতায় ক্ষতিগ্রস্ত বা লুট হয়েছে। কাঠমান্ডুর হিলটন হোটেল একাই ৮ বিলিয়ন রুপির বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ীর মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী দীপক রাজ জোশী আশাবাদ ব্যক্ত করে বলেন, পুনরুদ্ধার পরিকল্পনা ইতিমধ্যেই প্রস্তুত এবং পর্যটন খাত পুনরায় ঘুরে দাঁড়াবে। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালের ভূমিকম্প এবং কোভিড-১৯ মহামারির পরও পর্যটন শিল্প ঘুরে দাঁড়িয়েছে।
অর্থনীতিবিদ ও শিল্প নেতারা সরকারের কাছে পরামর্শ দিয়েছেন, আন্তর্জাতিকভাবে ইতিবাচক ভাবমূর্তি তৈরি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশে অবস্থানরত প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে।
হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ বলেন, “পর্যটন খাত পুনরুদ্ধারে সকল অংশীজনকে একসাথে কাজ করতে হবে। যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে যাচ্ছে, তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা দেওয়া এখন অত্যন্ত জরুরি।”
এদিকে ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব নেপাল ও মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অংশীজন দ্রুত আস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন।

