জেন-জি বিক্ষোভ চলাকালে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসহ দোষীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নির্বাচন আয়োজন তার সরকারের রোডম্যাপের অংশ বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে অনুষ্ঠিত জেন-জি বিক্ষোভের সহিংসতা নিয়ে কার্কি বলেন, “মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে যে পরিবর্তন এসেছে, তা আমি আগে কখনো দেখিনি। বিক্ষোভের নামে যা ঘটেছে, তা পরিকল্পিত মনে হয় এবং ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।”
তিনি বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তদন্তের নির্দেশ দেন।
শুক্রবার দায়িত্ব পাওয়ার পর রবিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কার্কি। দায়িত্ব গ্রহণের পর সিংহদরবারে প্রথম বক্তব্যে তিনি বলেন, “এই অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে সত্য প্রকাশ করতে হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন।”
কার্কি জানান, সিংহদরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তিতে হামলার ঘটনা তদন্ত করা হবে। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের আহ্বান জানান।

