ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। হামলায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রসহ বহু ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের অভাবে হাজারো ফিলিস্তিনি দিশেহারা হয়ে পড়েছেন। শনিবারের এই হামলার জেরে বাস্তুচ্যুত হয়েছেন আরো অন্তত ৬ হাজার মানুষ।
রোববার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের তীব্র বিমান হামলায় শুধু গাজা সিটিতেই ৪৯ জন নিহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে আবাসিক ভবন, জনসেবামূলক অবকাঠামো এবং স্কুলভিত্তিক জাতিসংঘের আশ্রয়কেন্দ্র। একইদিনে পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন মোট ৬২ জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, অবরোধ ও ধারাবাহিক হামলার কারণে গাজা সিটির বাসিন্দারা অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বাহিনী শহরটি দখলের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে এবং মানুষকে পালিয়ে যেতে বাধ্য করতে লিফলেট ছড়াচ্ছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, গাজা সিটির পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ জড়ো হয়েছেন। তিনি বলেন, “প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর আবাসিক ভবন ও জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। মানুষ নিরাপদে সরে যাওয়ার সময়ও পাচ্ছেন না।”
দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরগুলোর অমানবিক পরিস্থিতি এবং ধারাবাহিক হামলার কারণে অনেকে সেখান থেকে ফিরে গাজা সিটিতে অবস্থান করছেন। আল-মাওয়াসি ক্যাম্প এবং দেইর আল-বালাহ এলাকা ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়ে জর্জরিত।
আল-শিফা হাসপাতালের প্রধান ডা. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, “মানুষ পূর্ব দিক থেকে পশ্চিমে সরে আসছেন, কিন্তু দক্ষিণে পৌঁছাতে পারছেন খুব কমসংখ্যক। দক্ষিণে জায়গা না থাকায় অনেকে আবার গাজা সিটিতেই ফিরে যাচ্ছেন।”
বর্তমানে প্রায় ৯ লাখ মানুষ গাজা সিটিতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা দাবি করেছে, শহর থেকে আড়াই লাখের বেশি মানুষ পালিয়ে গেছেন।

