ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানে আবারও রক্তাক্ত হলো গাজা। মাত্র একদিনের হামলায় আরও অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজা সিটির একের পর এক ভবন, যার মধ্যে কয়েকটি আবাসিক টাওয়ারও রয়েছে।
চিকিৎসকদের তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টি ও ক্ষুধায় নতুন করে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে শুধুই ক্ষুধায় প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে।
গাজার রেমাল এলাকায় আল-কাওসার টাওয়ার ইসরায়েলি বিমান হামলায় মাটির সঙ্গে মিশে গেছে। চারদিকে ধ্বংসস্তূপ, আতঙ্কে পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। বাস্তুচ্যুত মারওয়ান আল-সাফির অসহায় কণ্ঠ, “আমরা জানি না কোথায় যাব। প্রতিদিনই মরছি।”
জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে—গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, শুধু গত চার দিনে তাদের ১০টি ভবন বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিক ছিল, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছিল। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি লিখেছেন, “গাজায় কোনো জায়গাই নিরাপদ নয়। কেউ নিরাপদ নয়।”
বিধ্বস্ত মানুষগুলো আবারও দক্ষিণে আল-মাওয়াসির অঞ্চলের দিকে পালাচ্ছে। ইসরায়েল এটিকে “নিরাপদ অঞ্চল” বললেও সেখানেও বারবার হামলা হয়েছে।
বাস্তুচ্যুত আহমেদ আওয়াদ জানান, উত্তর গাজা থেকে মর্টার হামলা এড়িয়ে প্রাণ বাঁচালেও এখনো আশ্রয় মেলেনি। পানি নেই, খাবার নেই, পরিবারগুলো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।
আবেদআল্লাহ আরামের পরিবার তীব্র পানির সংকটে দিন কাটাচ্ছে। তিনি বলেন, “শিশুরা অপুষ্টিতে ভুগছে, শীত সামনে—কিন্তু নতুন তাঁবুও নেই। ক্ষুধা আর বোমা আমাদের একসঙ্গে গ্রাস করছে।”
ইউনিসেফ জানিয়েছে, আল-মাওয়াসির পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। সংস্থার মুখপাত্র টেস ইঙ্গ্রাম জানান, অনেক নারী আশ্রয় হারিয়ে খোলা জায়গায় সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন নতুন পরিবার এসে যুক্ত হচ্ছে শরণার্থীর সারিতে, অথচ ন্যূনতম প্রয়োজন মেটানোর মতো কোনো ব্যবস্থাই নেই।
গাজার এই বিপর্যয় যেন এক অন্তহীন দুঃস্বপ্ন—যেখানে মানুষ বাঁচার আশায় পালাচ্ছে, কিন্তু কোথাও নিরাপত্তা পাচ্ছে না।

