সাধারণত জনসভা বা সরকারি প্রোটোকল ছাড়া জনসমক্ষে তেমন দেখা যায় না রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকোকে। তবে জরুরি পরিস্থিতিতে একজন মন্ত্রীর পেশাগত দক্ষতা কতটা কাজে লাগে, তা প্রমাণ করেছেন তিনি।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে হ্যানয়গামী এক ফ্লাইটে তিন ঘণ্টা পার হওয়ার পর হঠাৎ এক যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন, যা থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল।
বিমানকর্মীরা যখন চিকিৎসা সহায়তার জন্য সাহায্য চাইলেন, তখন এগিয়ে এলেন মিখাইল মুরাশকো। সরকারি সফরে ভিয়েতনাম যাচ্ছিলেন মন্ত্রী। পেশায় তিনি প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হলেও, দীর্ঘদিনের চিকিৎসা ও প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।
টেলিগ্রাম চ্যানেল শট জানিয়েছে, মুরাশকো তাৎক্ষণিকভাবে রোগীর কাছে যান। তিনি তাকে শান্ত করেন, জরুরি চিকিৎসা দেন এবং পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলান। পুরো সময়ে মন্ত্রী তার তত্ত্বাবধানে ছিলেন এবং বিমানটি নিরাপদে হ্যানয়ে অবতরণ করানো পর্যন্ত পাশে ছিলেন।
৫৮ বছর বয়সী মিখাইল মুরাশকো ২০২০ সালের ২১ জানুয়ারি থেকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। তিনি সাধারণ চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন, এরপর কোমি প্রজাতন্ত্রের স্বাস্থ্যমন্ত্রী এবং পরবর্তীতে কেন্দ্রীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে, সঠিক ও যোগ্য নেতৃত্ব কত বড় পার্থক্য তৈরি করতে পারে। মুরাশকোর তাৎক্ষণিক পদক্ষেপ তার পেশাদারিত্ব ও মানবিকতার এক বিরল উদাহরণ।

