প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েল অব্যাহতভাবে নির্বিচার ও গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হলেও যুক্তরাজ্য ধীরে ধীরে ইসরায়েলের এই মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। লন্ডন ইতিমধ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে।
আগামী বছর থেকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সামরিক প্রতিষ্ঠান রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কোনো সদস্য ভর্তি হতে পারবে না। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের প্রধান কারণ গাজায় চলমান আগ্রাসন।
গতকাল রোববার ব্রিটিশ সরকার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে। সম্প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার পর ডাউনিং স্ট্রিট এ উদ্যোগ নিয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র দ্য টেলিগ্রাফকে জানান, ‘যুক্তরাজ্যের সামরিক কোর্সে বিভিন্ন দেশের অংশগ্রহণ সম্ভব। তবে সব কোর্সের মূল সুর আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অন্যায় এবং এটি বন্ধ করা জরুরি।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ অবিলম্বে থামানো, জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া কূটনৈতিকভাবে সম্ভব।’
১৯২৭ সালে সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ৯৮ বছর পর এবার প্রথমবার ইসরায়েলি সেনারা এই কলেজে নিষিদ্ধ হলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মেজর জেনারেল (রিজার্ভ) আমির বারাম এবং আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনসহ অনেক ইসরায়েলি সেনা আগে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন। বারাম এটি ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘যুদ্ধের সময় মিত্রের বিশ্বাসভঙ্গের অসম্মানজনক কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সহনশীলতার ইতিহাসে এটি লজ্জাজনক বিচ্যুতি।’
বারামের দাবি, ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে না। তার মতে, সামরিক অভিযান হুতিদের থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষা করা এবং ইসলামপন্থি গোষ্ঠীর পরমাণু অস্ত্র প্রাপ্তি আটকানোই লক্ষ্য। পাশাপাশি, হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মিকে ফেরত আনাতেও ইসরায়েল যুদ্ধ করছে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাজ্যের সম্পর্ক কিছুটা টানাপড়েনের মুখে পড়েছে। গাজায় আগ্রাসন নিয়ে ব্রিটিশদের ক্ষোভ প্রকাশিত হচ্ছে নিয়মিত।
গত জুনে লন্ডন ইসরায়েলের উগ্র ডানপন্থি নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। তেল আবিবের সঙ্গে সব বাণিজ্য আলোচনাও স্থগিত হয়েছে। জুলাইয়ে কিয়ার স্টারমার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। আগস্টে লন্ডনে অনুষ্ঠিত অস্ত্র মেলায় ইসরায়েলি প্রতিষ্ঠানের অংশগ্রহণও বন্ধ করা হয়।
গত সপ্তাহে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ যুক্তরাজ্য সফর করেন এবং স্টারমারের সঙ্গে ‘কঠিন’ আলোচনায় বসেন। দুই নেতা দাবি করেন, বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও তারা একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সম্পর্ক বজায় রাখতে চায়।
তবে সামরিক অ্যাকাডেমিতে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য ইসরায়েলকে চাপে রেখেছে। বিশ্লেষকদের মতে, এই ‘অপমান’ ইসরায়েল সহজে হজম করতে পারবে না।

