গাজা উপত্যকার চলমান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ কাতারে ভবিষ্যতে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র, যদিও অনেকেই এটি জানে না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।”
গত ৮ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। ১৫ মিনিট স্থায়ী ওই অভিযানে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ৫ জনসহ মোট ৬ জন নিহত হলেও সংগঠনের শীর্ষ নির্বাহী খলিল আল হায়া ও হাইকমান্ডের অন্যান্য নেতারা প্রাণে বেঁচে যান। এ ঘটনার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দা ঝড়ে ইসরায়েলের বিরুদ্ধে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ৯ সেপ্টেম্বর দাবি করেছিলেন, কাতারকে সম্ভাব্য হামলার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে হামলার খবর দেন এবং এরপর প্রেসিডেন্ট ট্রাম্প স্টিফ উইটকফ ও কাতারে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটির মাধ্যমে দোহাকে সতর্ক করেন।
তবে সোমবার ওভাল অফিসে এক প্রশ্নোত্তরে ট্রাম্প বলেন, তিনি এ হামলার তথ্য আগে থেকে পাননি। “আপনি যেভাবে খবর পেয়েছেন, আমিও সেভাবেই জেনেছি,” মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

