জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, বিশ্বের স্থলভাগে থাকা তেল ও গ্যাস খনিগুলোর মজুত দ্রুত হারে কমছে। এ খনিগুলো থেকে দীর্ঘদিন ধরে উত্তোলন চলার কারণে অদূর ভবিষ্যতে বেশিরভাগ খনির মজুত শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।
আইইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, “বর্তমানে বিশ্বের স্থলভাগে ১৫ হাজার উত্তোলনযোগ্য তেল ও গ্যাস খনি আছে। দীর্ঘকাল ধরে এই খনিগুলো থেকে উত্তোলনের ফলে ৯০ ভাগের মজুত দ্রুত হ্রাস পাচ্ছে। যদি এই গতি বজায় থাকে, তাহলে ভবিষ্যতে খনিগুলোর মজুত সম্পূর্ণ ফুরিয়ে যাবে।”
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মজুত কমতে থাকার কারণে বর্তমানে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল তেল এবং ১৮০০০ কোটি থেকে ২৭০০০ কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।
আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, “বিশ্ব এখনও তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। স্থলভাগের খনিগুলোর মজুত যদি এভাবে ফুরিয়ে যায়, তাহলে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেবে। সমুদ্রের তলদেশে নতুন খনি অনুসন্ধান সময়সাপেক্ষ এবং ব্যয়সাপেক্ষ, আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এখনও পর্যাপ্ত নয়।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন যথেষ্ট বিনিয়োগ। কোম্পানিগুলো যদি স্থলভাগে নতুন খনি অনুসন্ধানে বিনিয়োগ বাড়াতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন জ্বালানি সংকট এড়ানো খুবই চ্যালেঞ্জিং হবে।”

