নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় লুক্সেমবার্গ যুক্ত হয়েছে। এর আগে এই উদ্যোগে কিছু দেশ ইতিমধ্যেই অংশগ্রহণের ইচ্ছা জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন। গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনের কারণে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই তিনি ফিলিস্তিনের স্বীকৃতির উদ্যোগ নিয়েছেন।
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন গত সোমবার সাংবাদিকদের বলেন, “গত কয়েক মাসে গাজায় মাঠপর্যায়ের পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। ইউরোপ ও বিশ্বের নানা প্রান্তে একটি আন্দোলন গড়ে উঠেছে, যেখানে দাবি করা হচ্ছে দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতি এখনও প্রাসঙ্গিক। আমাদের সরকার সেই দেশের দলে যোগ দিতে চায় যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।”
ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই ধরনের পদক্ষেপ হামাসকে আরো উদ্দীপ্ত করছে। এ প্রসঙ্গে ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েলে হামলায় ১,২১৯ জন নিহত হওয়ার তথ্য এএফপির রিপোর্টে উল্লেখ রয়েছে।
এ হামলার অজুহাতে ইসরায়েল গাজায় তাণ্ডব চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৪,৯০৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই হতাহতের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র হিসেবে বিবেচনা করছে।
গত মঙ্গলবার জাতিসংঘ প্রথমবারের মতো জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল জাতিগত নিধন চালিয়েছে। তদন্ত প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামের মতো দেশগুলোর নামও রয়েছে।

