মিয়ানমারের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক সরকার। জান্তা ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ ডিসেম্বর দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ইউনিয়ন ইলেকশন কমিশন-ইউইসি) জানিয়েছে, এবারের নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষ পিথু লুত্তাও-এর ৫৬টি, নিম্নকক্ষ অ্যামিওথা লুত্তাও-এর ৯টি এবং প্রাদেশিক আইনসভা স্টেট লুত্তাও-এর ৫৬টি আসনে ভোটগ্রহণ হবে না। মোট এ সংখ্যা দাঁড়ায় ১২১টি আসনে।
ইউইসি এক বিবৃতিতে জানিয়েছে, “এই নির্বাচনী এলাকাগুলো বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের জন্য এবং অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ত নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভাগুলোর মোট আসনের হিসেবে, ২৮ ডিসেম্বরের নির্বাচনে প্রতি ৭টি আসনের মধ্যে একটিতে ভোট হবে না। এটি মোট আসনের প্রায় ১৫ শতাংশ। এ সব আসনই জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী শাসিত এলাকায় অবস্থিত।
প্রসঙ্গত, ২০২০ সালের জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে। সেই সময় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির হাজার হাজার নেতা ও কর্মী গ্রেপ্তার হন। অভ্যুত্থানের নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং।
অভ্যুত্থানের ছয় মাসের মধ্যে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে এবং দেশটির বিভিন্ন অংশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সংঘাত শুরু করে। বর্তমানে মিয়ানমারের মোট ভূখণ্ডের ৩৩ শতাংশ এই গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

