ভারতের হিমালয় পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনই রাজধানী দেরাদুনের বাসিন্দা।
রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত ও উধাম সিং নগর জেলায় প্রবল বর্ষণজনিত লাল সতর্কতা জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
চলতি বর্ষায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাখণ্ড। দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণ ও পাহাড়ি ঢলে বহু সড়ক ধসে পড়েছে, শত শত বাড়িঘর, দোকান ও ব্যবসায়িক ভবন ধ্বংস হয়েছে। ভেসে গেছে দুটি গুরুত্বপূর্ণ সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক।
রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমান জানান, এবারের বর্ষায় সহস্রধারা, মুসৌরি, প্রেমনগর, নরেন্দ্রনগর, পিথোরাগড়, নৈনিতাল ও পাওরির বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে দেরাদুন প্রশাসন জানায়, টানা ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

