ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফফা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়েছে একটি ঐতিহাসিক মসজিদ। ১৩ শতকের শেষ দিকে নির্মিত এই মসজিদটি স্থানীয়ভাবে আয়বাকি মসজিদ নামে পরিচিত ছিল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চালানো হামলায় মসজিদটির মিনার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
বার্তাসংস্থা টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, মিসরের মামলুক শাসকেরা মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি মুসলিম নেতা শেখ আব্দুল্লাহ আল-আয়বাকির নামে নামকরণ করা হয়েছিল। তিনি মামলুক সুলতানি শাসনের প্রথম সুলতান ইজ আল-দ্বীন আয়বেকের আত্মীয় ছিলেন।
গাজার মানুষের কাছে আয়বাকি মসজিদ ছিল ধর্মীয় ও ঐতিহাসিক গৌরবের প্রতীক। ২০২৩ সালে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজার বহু পুরাকীর্তি ও উপাসনালয় ধ্বংস হয়েছে। সর্বশেষ এই মসজিদে হামলা সেই ধ্বংসযজ্ঞের আরেকটি উদাহরণ।
সাম্প্রতিক সময়ে গাজা সিটিতে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। সেনারা প্রায় ১০ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষ এলাকা ছাড়লেও এখনও বহু মানুষ রয়ে গেছেন।
জাতিসংঘের তদন্ত কমিশন সম্প্রতি জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আন্তর্জাতিক এই ঘোষণা সত্ত্বেও অব্যাহত রয়েছে ইসরায়েলের আক্রমণ। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ২ লাখ মানুষ আহত হয়েছেন।

