চলতি সপ্তাহের শেষেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসছে যুক্তরাজ্যের পক্ষ থেকে। দেশটির সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস এ তথ্য প্রকাশ করেছে।
টাইমস জানায়, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে। আজ বৃহস্পতিবার তিনি ওয়াশিংটনের উদ্দেশে লন্ডন ছাড়বেন। তাঁর বিদায়ের পরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে।
অনেক দিন ধরেই মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে লন্ডন। গত জুলাই মাসে প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছিলেন, গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তিনি পদক্ষেপ নেবেন। সে সময় তিনি আরো বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তাঁর বিবেচনায় রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তখন মন্তব্য করেছিলেন, ব্রিটেন এ সিদ্ধান্ত নিলে তাঁর আপত্তি থাকবে না। তবে পরে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা জানালে তিনি সুর পাল্টে বলেন, ইউরোপীয় মিত্ররা এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করবে।
লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টারমার অবশ্য আগে থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। সম্প্রতি তিনি বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
স্টারমারের এই ঘোষণার পর ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হবে হামাসকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত করার মতো।

