ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ একজন নারী—এটি প্রমাণের জন্য ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন।
যুক্তরাষ্ট্রের ডানপন্থি ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স দাবি করেন, ব্রিজিত ম্যাক্রোঁ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই দাবি বিভিন্ন জায়গায় প্রচার করতে থাকেন। এরপর ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রী তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
সংবাদমাধ্যম বিবিসির ‘ফেম আন্ডার ফায়ার’ পডকাস্টে ম্যাক্রোঁ দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানিয়েছেন, ব্রিজিত ম্যাক্রোঁ এই মিথ্যা দাবির কারণে ব্যথিত হয়েছেন এবং এ ধরনের প্রচারণা প্রেসিডেন্টকে তার কাজেও প্রভাবিত করতে পারে।
আইনজীবী বলেন, “যদি কেউ কর্মজীবন এবং পারিবারিক জীবন দুটোই সামলাচ্ছেন এবং তার পরিবার আক্রমণের শিকার হয়, তা মানুষকে দুর্বল করে। তিনি একটি দেশের প্রেসিডেন্ট হলেও এর বাইরে নয়।”
কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া হবে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে আইনজীবী জানান, মার্কিন ইনফ্লুয়েন্সারের দাবিটি মিথ্যা প্রমাণ করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “সত্য প্রমাণে ব্রিজিত ম্যাক্রোঁকে একটি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবুও তিনি এতে প্রস্তুত। সত্য প্রমাণে যা করতে হবে সব করবেন।”
বিবিসির উপস্থাপক প্রশ্ন করেন, ব্রিজিত ম্যাক্রোঁ কি তার গর্ভকালীন সময়ের ছবি এবং সন্তানদের বড় করার ছবি আদালতে দেবেন কি না। আইনজীবীর জবাব, প্রয়োজন অনুযায়ী আদালতে এ ধরনের প্রমাণ দেওয়া হবে।

