জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে ভারতের সরকার বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করেছে। ‘৩৬ জুলাই: রাষ্ট্র বনাম নাগরিক’ নামে এই প্রামাণ্যচিত্রটি গত আগস্টে একটি টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার পর ইউটিউবে প্রকাশিত হয়।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি জানিয়েছেন, “যখন ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়, তখন একটি গানের কপিরাইট সমস্যা হয়েছিল, যা সেপ্টেম্বরে সমাধান হয়। বাংলাদেশের দর্শকরা ভিডিওটি দেখতে পারছিলেন। কিন্তু আমি ভারতে কনটেন্টটি খুললে দেখি তা ব্লক করা হয়েছে।”
প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ অন্তর্ভুক্ত ছিল। স্ক্রিপ্ট ও গবেষণা করেছেন শাহেদ শুভ, ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।
দস্তিদার জানান, প্রামাণ্যচিত্রে ভারতের নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। তিনি অবাক হয়েছেন যে, ভারতে বিতর্কিত ছবি ‘বেঙ্গল ফাইলস’ প্রদর্শিত হওয়ার পরও তার প্রামাণ্যচিত্র ব্লক করা হয়েছে।

