যুক্তরাষ্ট্রে এবিসি টকশো হোস্ট জিমি কিমেলকে সাময়িক বরখাস্তের পর বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায়, তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল হতে পারে।
এবিসি জানিয়েছে, কিমেলের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কারণ, কিমেল নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। কিমেল দাবি করেন, হামলাকারী একজন ‘মাগা রিপাবলিকান’, তবে উটাহ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত আসলে ‘বামপন্থি মতাদর্শে প্রভাবিত’ ছিল।
এফসিসি (FCC) পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়, এরপরই এবিসি অনুষ্ঠান বন্ধ করে দেয়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “প্রায় ৯৭ শতাংশ নেটওয়ার্ক আমার বিরুদ্ধে প্রচার চালিয়েছে। তাদের লাইসেন্স হয়তো কেড়ে নেওয়া উচিত।” তিনি এফসিসিকে সমর্থনও জানিয়েছেন।
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডান কার বলেন, কিমেলকে বরখাস্ত “শেষ পদক্ষেপ নয়” এবং প্রয়োজনে সম্প্রচারকদের লাইসেন্স ফিরিয়ে নেওয়া যেতে পারে। তবে আইনজ্ঞরা জানিয়েছেন, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী রাজনৈতিক মতবিরোধের কারণে লাইসেন্স বাতিলকে বৈধ মনে করবে না।
এদিকে এবিসির সহযোগী সিনক্লেয়ার চ্যানেল শুক্রবার কিমেলের সময়সূচিতে চার্লি কার্ককে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

