নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বর্তমান অবস্থান অবশেষে জানা গেছে। সেনা হেফাজতে ৯ দিন থাকার পর তিনি একটি ব্যক্তিগত বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে সেনাবাহিনীর একটি সূত্র শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তার সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।
গত ৯ সেপ্টেম্বর টানা গণআন্দোলনের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। নিরাপত্তার কারণে তিনি সেনা সুরক্ষা চান এবং তাকে উত্তর কাঠমান্ডুর শিবাপুরি ব্যারাকে নেওয়া হয় বলে জানা যায়। পরবর্তীতে তিনি কাঠমান্ডু থেকে ১৫ কিলোমিটার দূরে ভক্তপুরের একটি ব্যক্তিগত বাড়িতে গেছেন বলে নেপালি গণমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে ভক্তপুরের বালকোটে তার পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেয় জেন-জির আন্দোলনকারীরা। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ছিলেন। সেনা সুরক্ষায় প্রাণে রক্ষা পান এবং হেলিকপ্টারে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ওলির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড), শের বাহাদুর দিউবা, ঝালনাথ খানাল ও মাধবকুমারসহ একাধিক রাজনৈতিক নেতা সেনা আশ্রয়ে ছিলেন। এদের মধ্যে দিউবা ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর্জু রানা দিউবা এখনো সেনা হেফাজতে রয়েছেন। বাকিরা ইতোমধ্যে ব্যারাক থেকে বেরিয়ে গেছেন।
সম্প্রতি দিউবা দম্পতির বাসভবনে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে তাদের মারধর ও আটক করে। পরে সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টারে গিয়ে তাদের উদ্ধার করে।

