মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ৬০ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর জনবহুল এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় জ্বালানিবাহী ট্রাকটি। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহন দগ্ধ হয়ে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ১৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ।

