কোনো অনুমতি ছাড়াই রাশিয়ার তিনটি যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে। প্রায় ১২ মিনিট এস্তোনিয়ার ভেতরে অবস্থান করার পর সেগুলো সরে যায়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এ ঘটনায় রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া। মন্ত্রণালয় জানিয়েছে, রুশ মিগ-৩১ যুদ্ধবিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে প্রবেশ করে এস্তোনিয়ার আকাশসীমায় ঢোকে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেন, “চলতি বছরে এটি রাশিয়ার চতুর্থ আকাশসীমা লঙ্ঘন। তবে আজকের ঘটনা সবচেয়ে ন্যাক্কারজনক, কারণ এবার একসঙ্গে তিনটি যুদ্ধবিমান আমাদের সীমায় ঢুকেছে, যা আগে কখনও ঘটেনি।”
তিনি আরো বলেন, “ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণ এবং সীমা লঙ্ঘনের প্রবণতা রাশিয়ার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তা আরও জোরালো করছে।”
এর দুদিন আগে পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছিল। সে ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যে আবার এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করল রুশ যুদ্ধবিমান।
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

