আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে এই স্বীকৃতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি ইস্যুতে অবস্থান পরিবর্তন করতে পারবে না।
ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ তেলআবিব থেকে আলজাজিরাকে বলেছেন, “এটি নেতানিয়াহুর পরিকল্পনায় পরিবর্তন আনবে? এখন নয়। তবে আমি মনে করি তিনি চাপ অনুভব করা শুরু করেছেন। ইসরায়েল আসলে এক ধরনের প্যারাডক্সের মধ্যে রয়েছে। তারা ফিলিস্তিনিদের ওপর যে সহিংসতা চালাচ্ছে, তা থামানোর কেউ নেই। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এখন ফিলিস্তিন ইস্যু শুধু মাঠের রাজনৈতিক ফলাফলের বিষয় নয় বরং বিশ্ব নেতাদের জন্য একটি দায় হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু ইউরোপে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও স্পষ্ট দেখা যাচ্ছে।”
গোল্ডবার্গ আরও বলেন, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আর বিভিন্ন কার্যক্রম বয়কট করলে এর প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “যদি বয়কট ও নিষেধাজ্ঞা কার্যকর হয়, ইসরায়েলিরা বুঝতে পারবে নেতানিয়াহু সব বাধা অতিক্রম করে যুদ্ধে এগোতে পারবে না। তিনি প্রকৃতপক্ষে সাহসী না বরং অকার্যকর প্রধানমন্ত্রী। এতে ইসরায়েলিরাও বিভক্ত হয়ে যাবে।”

