সৌদি আরব সরকার পলাতক বা হুরুবপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন কফিল বা প্রতিষ্ঠান ঠিক করে “কুয়া” প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই বিভিন্ন কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে এবার তাদের জন্য আসে একটি সুবর্ণ সুযোগ।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, যারা হুরুবপ্রাপ্ত বা অবৈধ অবস্থায় ছিলেন, তারা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে আবেদন করতে পারবেন। প্রক্রিয়ার শেষে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ প্রবাসী হিসেবে গণ্য হবেন।
প্রবাসীরা এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। তারা মনে করছেন, এতদিন অবৈধ অবস্থায় থাকা প্রবাসীরা এবার বৈধভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন এবং দেশেও রেমিট্যান্স পাঠানো সম্ভব হবে। এতে প্রবাসীদের জীবন স্বাভাবিক হবে, আর দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তবে আবেদন প্রক্রিয়ার সময় ট্রান্সফারের ফি সম্পর্কে অগ্রিম তথ্য পাওয়া যাবে না; এটি কেবল কুয়া প্ল্যাটফর্মে আবেদন শুরু করার পর জানা যাবে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যারা সৌদিতে আসার এক বছরের মধ্যে কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় পড়বেন না।
এই নতুন উদ্যোগ প্রবাসীদের জন্য এক নতুন আশার বার্তা হয়ে উঠেছে, যারা বৈধ পথে জীবিকা চালাতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

