প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের তাণ্ডবের আগে সতর্কতা জোরদার করেছে হংকং। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী সব ফ্লাইট ৩৬ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কান্তাস এয়ারওয়েজের এক বিবৃতি অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত হংকং বিমানবন্দর বন্ধ থাকবে। যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় এয়ারলাইনটি।
যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দেয়নি, তবে মুখপাত্রের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টাইফুন মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে।
হংকং অবজারভেটরির তথ্যে জানা যায়, সোমবার দুপুরে সর্বনিম্ন সতর্কতা সংকেত জারি করা হবে এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে তা দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করা হবে। মঙ্গলবার থেকেই আবহাওয়া দ্রুত খারাপ হতে পারে, আর বুধবার দমকা ঝড়ো হাওয়ায় পুরো শহর বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূল ও উঁচু এলাকায় বাতাসের গতি হারিকেনের মাত্রা স্পর্শ করতে পারে।
টাইফুন আতঙ্কে নগরবাসী ইতোমধ্যেই নিত্যপণ্য মজুত শুরু করেছে। সুপারমার্কেটে দীর্ঘ লাইন, দুধের মতো পণ্যের ঘাটতি এবং কাঁচাবাজারে সবজির দাম তিনগুণ বেড়ে যাওয়ার খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
শহরের প্রধান এয়ারলাইন ক্যাথে প্যাসিফিক রোববার জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তখনো তাদের ফ্লাইটে প্রভাব পড়েনি, তবে টাইফুন তীব্র হলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে ফিলিপাইনেও রাগাসার প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার রাজধানী ম্যানিলা ও উত্তর লুজনসহ বড় অংশে সরকারি-বেসরকারি অফিস এবং শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার। ভারী বৃষ্টিপাত ও তীব্র ঝোড়ো হাওয়ার হুমকি তৈরি করেছে সুপার টাইফুনটি।

