যুক্তরাজ্য বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীদের আকৃষ্ট করতে ভিসা ফি বাতিলের সম্ভাবনা নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনার সূচনা করেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, এই উদ্যোগ ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী স্টারমারের পরিকল্পনা অনুযায়ী, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সেরা বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের আকর্ষণ করতে কিছু ভিসা ফি পুরোপুরি বাতিল করা হতে পারে।
গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্সের অধীনে বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই সুবিধার আওতায় পড়তে পারেন। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (প্রায় ১০৩০ মার্কিন ডলার) এবং স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্যও একই ফি প্রযোজ্য।
সংবাদটি আরো উল্লেখ করে, যুক্তরাষ্ট্র সম্প্রতি এইচ-১বি ভিসার নতুন আবেদনকারীদের জন্য ১ লাখ ডলার ফি নির্ধারণ করেছে। যুক্তরাজ্যের এই ভিসা নীতি পরিবর্তনের প্রস্তাবের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত ভিসা সংস্কারের তাগিদ আরও ত্বরান্বিত করেছে।
এ বিষয়ে ডাউনিং স্ট্রিট ও ট্রেজারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

