পাকিস্তানশাসিত আজাদ কাশ্মির একদিন স্বতঃস্ফূর্তভাবে ভারতের অংশ হয়ে যাবে- এমনটাই বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরো বলেছেন, সেই অঞ্চল দখলের জন্য কোনো হামলা চালাতে হবে না, কারণ এটি ভারতেরই অন্তর্গত।
মরক্কোতে ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় রাজনাথ সিং বলেন, “পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের অংশ হবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান তুলতে শুরু করেছে।” তিনি উল্লেখ করেন, পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মিরে এক অনুষ্ঠানে তিনি একই মন্তব্য করেছিলেন।
রাজনাথের মন্তব্য এসেছে এমন সময় যখন ভারতের বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে যে ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হারিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীরা দাবি করেন, সেই সময়েই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করা সম্ভব ছিল।
রাজনাথ সিং বর্তমানে দুই দিনের সফরে মরক্কোতে অবস্থান করছেন। সেখানে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা।
সফরে রাজনাথ মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে পারে। এতে প্রশিক্ষণ, প্রযুক্তি ও শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে।
ভারতীয় নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে নিয়মিতভাবে নোঙর করছে। নতুন এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরো মজবুত করবে।

