সিরিয়ার নির্বাচন কমিশন আগামী ৫ অক্টোবর দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচন আয়োজনের তারিখ ঘোষণা করেছে। কমিশনের বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, ২১০ আসনের এ নির্বাচনে এক তৃতীয়াংশ এমপি প্রেসিডেন্ট আহমেদ আল শারার সুপারিশে সরাসরি নিয়োগ হবেন, আর বাকি দুই তৃতীয়াংশ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। একই বছরের ৮ ডিসেম্বর সরকারবিরোধী সশস্ত্র রাজনৈতিক জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর ঝটিকা অভিযানে পতন ঘটে আসাদ সরকারের এবং সমাপ্তি ঘটে দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের। অভিযানে নেতৃত্ব দেন আহমেদ আল শারা, যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট হন।
সানার প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্টের মূল দায়িত্ব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, গণতন্ত্রের পথ সুগম করা এবং যুদ্ধবিধ্বস্ত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
নির্বাচন কমিশন জানায়, মূলত চলতি সেপ্টেম্বরেই ভোট হওয়ার কথা ছিল। তবে সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা এবং সাম্প্রদায়িক সংঘাত দেখা দেওয়ায় প্রেসিডেন্ট শারা ভোট এক মাস পিছিয়ে দেন। নির্ধারিত সময় অনুযায়ী অক্টোবরেই ভোট অনুষ্ঠিত হবে।

