ছয় দিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রাতের টকশো ‘জিমি কিমেল লাইভ’ আজ মঙ্গলবার থেকে আবার সম্প্রচার শুরু করছে। ডিজনি মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের এই অনুষ্ঠানটি সম্প্রতি স্থগিত করা হয়েছিল উপস্থাপক জিমি কিমেলের মন্তব্য ঘিরে বিতর্কের কারণে।
১৫ সেপ্টেম্বর প্রচারিত এক পর্বে কিমেল অভিযোগ করেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক হত্যাকাণ্ডকে ‘মাগা গোষ্ঠী রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে’। ওই বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডান কার কিমেলের বক্তব্যকে ‘অসুস্থ মানসিকতার পরিচয়’ বলে মন্তব্য করেন এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এরপর এবিসি অনুষ্ঠানটির সম্প্রচার ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ করে দেয় এবং কিমেলকে সাময়িকভাবে সরিয়ে রাখে। সিদ্ধান্তে সবচেয়ে সন্তুষ্ট হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এবিসির পদক্ষেপকে স্বাগত জানিয়ে পোস্ট করেছিলেন। তবে এবারের সিদ্ধান্তে তাঁকে হতাশ হতে হচ্ছে।
গতকাল সোমবার ডিজনি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, আজ থেকেই অনুষ্ঠানটি আবার সম্প্রচারিত হবে। ডিজনির এক বিবৃতিতে বলা হয়, ‘‘আমাদের দেশের জন্য আবেগঘন পরিস্থিতিতে উত্তেজনা বাড়তে না দেওয়ার জন্য অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। জিমির সঙ্গে কয়েক দিন ধরে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আবার অনুষ্ঠানটি প্রচার করা হবে।’’
ডিজনির প্রধান নির্বাহী বব আইগার এবং সহপ্রধান ডানা ওয়ালডেন গত সপ্তাহান্তে কিমেলের সঙ্গে বৈঠক করেন। তাঁদের কথোপকথনের পর অনুষ্ঠান ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। নেটওয়ার্কের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, এবিসি মালিকদের চাপ বা এফসিসির প্রভাব নয়, বরং বিনোদন সংস্থার স্বার্থকেই গুরুত্ব দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে। কারণ, ট্রাম্প নিয়মিত সমালোচনাকারী সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনগত ও নিয়ন্ত্রণমূলক হুমকি দিয়ে আসছেন।
আজকের অনুষ্ঠানে জিমি কিমেল নিজে এ বিতর্ক মিটমাট করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনো তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

