সুইডেনে রাতের আঁধারে আগুনে ধ্বংস করা হয়েছে একটি মসজিদ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে সোমবার গভীর রাতে আগুন লাগার পর পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার ঘটনা সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করা হচ্ছে। সুইডিশ হেরাল্ড জানিয়েছে, ভবনটি পূর্বে একটি গির্জা ছিল এবং পরে মসজিদে রূপান্তর করা হয়েছিল।
উদ্ধারকর্মী দলের সদস্য মাইকেল হেসেলগার্ড বলেন, “আমরা এখনও নিশ্চিত হতে পারিনি আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আর কোনো কাজে ব্যবহার করা সম্ভব হবে না।”
উদ্ধারকর্মীরা পুরো রাত আগুন নেভানোর কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন। পুলিশ এখন পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।
পুলিশ মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, “ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আগুন কেন এবং কীভাবে লেগেছে, তা এখনও পরিষ্কার নয়।”

