ইহুদি নববর্ষকে কেন্দ্র করে আল আকসা মসজিদ চত্বরে নাচ-গান ও আনন্দ উদযাপন করেছে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে এবং দুপুরে দুই দফায় প্রায় ৪০০ ইহুদি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে প্রার্থনা, নাচ-গান ও হৈ-হুল্লোড় করেছে। তাদের প্রবেশ প্রতিহত করা সম্ভব হয়নি, কারণ তারা সশস্ত্র পুলিশ প্রহরা নিয়ে সেখানে প্রবেশ করেছিল।
ফিলিস্তিনের ইসলামি ওয়াক্ফ দপ্তরের আরেক কর্মকর্তা বলেন, ইসলাম ধর্মে মসজিদের অভ্যন্তরে বা চত্বরে নাচ-গান ও আনন্দ-উদযাপন নিষিদ্ধ। পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ।
ইহুদিদের দাবি, বর্তমান আল আকসা মসজিদের স্থানটি একসময় দু’টি প্রাচীন ইহুদি উপাসনালয় বা সিনাগগের স্থান ছিল, যা ইহুদি ধর্মাবলম্বীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত।
এক সময় আল আকসা চত্বরে ইহুদি ধর্মাবলম্বীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ২০০৩ সালে প্রথমবার এই নিষেধাজ্ঞা ভাঙেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারপর থেকে নিয়মিতভাবে পুলিশ প্রহরায় তারা মসজিদ চত্বরে প্রবেশ করছে।

