পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শুক্রবার রেললাইনে দুই দফায় বিস্ফোরণের ঘটনায় জাফর এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে প্রদেশের মাসটাঙ জেলায়।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোরের দিকে কোয়েটা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই প্রথম বিস্ফোরণ ঘটে। ট্রেনটি তখন থেমে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছাড়পত্রের পর ট্রেনটি আবার চলতে শুরু করে। কয়েক ঘণ্টা চলার পর বেলুচিস্তানের খারান জেলার দাশত এলাকায় পৌঁছালে দ্বিতীয়বার রেললাইনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ছয়টি বগি লাইনচ্যুত হয়, একটি উল্টে যায়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।
জাফর এক্সপ্রেসে হামলা নতুন কোনো ঘটনা নয়। জুন মাসে বেলুচিস্তানের জ্যাকোবাবাদ জেলার কাছে রেললাইনে বিস্ফোরণে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছিল, তবে হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মার্চে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেনের ৪৪০ জন যাত্রীকে জিম্মি করেছিল। সেনাবাহিনীর অভিযানে সংঘাতের ফলে বিএলএ-এর ৩৩ যোদ্ধা, ২৬ যাত্রী এবং ৪ সেনাসদস্য নিহত হন।

