মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাকে আগে গাজার যুদ্ধ থামাতে হবে বলে জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের টিভি চ্যানেল বিএফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মাখোঁ বলেন, “এই যুদ্ধ বন্ধ করার জন্য আসলে একজনই কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আমাদের চেয়েও বেশি কিছু করতে সক্ষম, কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। আমরা তা করি না।”
এর আগে একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। তবে তিনি একই সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের অবশ্যই গাজায় অবিলম্বে যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় যেতে হবে।”
এ প্রসঙ্গে মাখোঁ বলেন, “আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি শান্তির কথা বলছেন। আজ সকালে মঞ্চ থেকে তিনিও বলেছেন, ‘আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।’ তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই সংঘাত বন্ধ করতে পারলেই কেবল সেই পুরস্কার পাওয়া সম্ভব।”
উল্লেখ্য, কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও দাবি করেন, তার চারজন পূর্বসূরি এ পুরস্কার পেলেও প্রকৃতপক্ষে এর যোগ্য তিনি।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে উপস্থিত সবার সম্মিলিত চেষ্টার চেয়েও শান্তির জন্য বেশি কাজ করেছেন। তিনি বিশ্ব স্থিতিশীলতার জন্য যা করেছেন, তা সম্ভব হয়েছে কারণ তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন।”

