ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে ভয়াবহ দাম্পত্য কলহ এক চাঞ্চল্যকর ঘটনায় রূপ নিয়েছে। সংসারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রী দাঁত দিয়ে স্বামীর কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন। এ ঘটনার পর স্বামী-স্ত্রী উভয়েই থানায় গিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কানপুরের স্থানীয় বাসিন্দা অমিত সোনকার সোমবার রাতে নিজের ঘরে সোফায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ স্ত্রী সারিকা ঝগড়া শুরু করেন এবং একপর্যায়ে তাকে আক্রমণ করেন। অমিতের দাবি, প্রথমে মারধরের পর হঠাৎ দাঁত দিয়ে তার ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন সারিকা।
অমিত সোনকার জানান, “সে আমার সঙ্গে থাকতে চায় না। টাকার পাশাপাশি আলাদা বাড়ি চাচ্ছে। কিন্তু আমরা তো গরিব মানুষ, বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। এত টাকা কোথায় পাব?”

তিনি আরও বলেন, আত্মরক্ষার চেষ্টা করলে স্ত্রী আরও উত্তেজিত হয়ে ওঠেন এবং ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করেন। গুরুতর আহত অবস্থায় তিনি থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় তার কান ব্যান্ডেজ করা ছিল। অমিত স্পষ্ট করে জানিয়েছেন, তিনি আর স্ত্রী সারিকার সঙ্গে থাকতে চান না।
অন্যদিকে স্ত্রী সারিকা অভিযোগ করেছেন, অমিত দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছেন। সেই নির্যাতনের কারণেই তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।
পুলিশ জানায়, অমিত ও সারিকার বিয়ে হয়েছিল আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে। তবে সম্পর্কের অবনতি ঘটায় বর্তমানে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। পুলিশের মতে, আগের থেকেই দাম্পত্য দ্বন্দ্ব চলছিল এবং সেই জটিলতার ফলেই এ সহিংস ঘটনা ঘটেছে। উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে।

