ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত থামাতে নতুন এক যুদ্ধবিরতি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় (মঙ্গলবার) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে তিনি ২১ দফা সম্বলিত এ পরিকল্পনা তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, “বৈঠকে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা উপস্থাপিত হয়েছে এবং আমরা মনে করি, এই পরিকল্পনা কার্যকর হলে গাজার সহিংসতা বন্ধ হবে, পাশাপাশি ইসরায়েল ও এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর উদ্বেগও দূর হবে।”
তিনি আরো আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই পরিকল্পনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি ঘোষণা করা সম্ভব হবে।
ট্রাম্পের পরিকল্পনার কয়েকটি দফা ইতোমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে— গাজায় আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার।
সিএনএন জানিয়েছে, বৈঠকে উপস্থিত মার্কিন ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কূটনীতিক জানিয়েছেন, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে তারা কিছু অতিরিক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব দেন।
এগুলোর মধ্যে রয়েছে—
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা অক্ষুণ্ণ রাখা, গাজায় যুদ্ধের সম্পূর্ণ অবসান, সব ইসরায়েলি জিম্মির মুক্তি এবং গাজায় অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করা।
সিএনএন অনুসারে, বৈঠকে উপস্থিত এক কূটনীতিক বলেন, “এটি ছিল অসাধারণ এবং কার্যকর একটি বৈঠক।”
উল্লেখযোগ্য যে, সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনের প্রধান আয়োজক ছিল। সেই সম্মেলনের আবহেই আরব ও মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়।

