চীনা মালিকানাধীন টিকটক নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র বড় এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন, যেখানে জানানো হবে— টিকটকের মার্কিন অপারেশন বিক্রির প্রক্রিয়া কংগ্রেসে পাশ হওয়া আইনের শর্ত পূরণ করছে।
২০২৪ সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে, যেখানে স্পষ্ট বলা হয়, বাইটড্যান্সের মালিকানায় টিকটক যুক্তরাষ্ট্রে চলতে পারবে না। জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরাসরি নিষিদ্ধ না করে, মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের স্থানীয় অপারেশন আলাদা করার উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি। মজার বিষয় হলো, ট্রাম্প নিজেও এই প্ল্যাটফর্মে বেশ সক্রিয়; তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৫০ লাখ। তিনি পর্যন্ত দাবি করেছেন, টিকটক তার পুনর্নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। এমনকি হোয়াইট হাউসও সম্প্রতি একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে।
নতুন আদেশে বলা হবে, টিকটকের যুক্তরাষ্ট্রে কার্যক্রম বিক্রির যে চুক্তি হচ্ছে, তা আইনের শর্ত পূরণ করছে। পাশাপাশি আইন বাস্তবায়নের সময়সীমা কিছুটা বাড়ানো হবে, আর মার্কিন বিনিয়োগকারীদের অংশগ্রহণে টিকটকের মালিকানা কাঠামো পরিবর্তনের কাজ চলবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে টিকটক যুক্তরাষ্ট্রে টিকে যাবে ঠিকই, তবে তার মালিকানা ও নিয়ন্ত্রণের ধরন সম্পূর্ণ পাল্টে যাবে। এটি আবারও প্রমাণ করে দিচ্ছে, টিকটক এখন আর শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়— বরং মার্কিন রাজনীতি ও অর্থনীতিতেও এর প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে।

