ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হুতির ড্রোন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে দুজন ৬০ বছরের বেশি বয়সী পুরুষ গুরুতর অবস্থায় আছেন, একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন এবং ১৭ জন সামান্য আঘাত পেয়েছেন। বেশিরভাগের শরীরে শেল বা খণ্ডবিস্ফোরক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রোনটি ইলাতের একটি বাজার এলাকায় আঘাত হানে। ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ড্রোনটি ইয়েমেন থেকে হুতিদের নিক্ষেপ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইলাত শহর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের লক্ষ্যবস্তু হয়ে থাকে। গত সপ্তাহেও হুতিদের ছোড়া একটি ড্রোন ইলাতের একটি হোটেলে আঘাত হেনেছিল, তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

