আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউরোপীয় আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে এই অস্বাভাবিক ভ্রমণ রুট আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সংবাদটি জানিয়েছে, নেতানিয়াহু নিউইয়র্কগামী পথে ইউরোপের আকাশসীমা এড়িয়ে একটি ভিন্ন রুট বেছে নিয়েছেন। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতেই তিনি এই পথ অবলম্বন করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যাত্রার সময় তার সরকারি বিমান ‘উইংস অব জায়ন’ ইউরোপীয় আকাশসীমা এড়িয়ে উড্ডয়ন করেছে।
গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল এই অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
ইউরোপের বিভিন্ন আইসিসি সদস্য দেশ প্রকাশ্যে জানিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। ফলে, বিমানকে জোর করে নামানোর ঝুঁকি এড়াতে নেতানিয়াহু বিমানকে ইউরোপের আকাশসীমা এড়িয়ে দক্ষিণমুখী একটি রুটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করান। এই কারণে ভ্রমণ পথ প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৩ মাইল) দীর্ঘ হয়েছে।
ইউরোপের দেশগুলো ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে। আয়ারল্যান্ড জানিয়েছে, যদি নেতানিয়াহু তাদের মাটিতে নামেন, তাকে গ্রেপ্তার করা হবে। স্পেনও আইসিসির তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্স জানিয়ে দিয়েছে, তারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না। ইতালি প্রশ্ন তুলেছে, এমন পদক্ষেপ বাস্তবে কার্যকর হবে কি না।

