গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। উদ্বোধনী দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল গাজা ও ইসরায়েল মধ্যে চলমান সংঘাত।
এ বিষয়ে বক্তব্য রাখেন বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তিনি বলেন, ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করা জরুরি হলেও ইসরায়েলের নিরাপত্তাও গুরুত্ব দেওয়া উচিত। সভা শেষে হিব্রু শব্দ ‘সালোম’ ব্যবহার করে শান্তির প্রতি আহ্বান জানান, যা দেখে ইসরায়েলের কর্মকর্তারা অবাক হন।
সুবিয়ান্তো বলেন, “আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিত করতে হবে। তবে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও আমাদের দৃষ্টি দিতে হবে। এভাবে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হবে।”
টাইমস অব ইসরায়েল অনুসারে, ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্য আমাদের চমকে দিয়েছে।
সুবিয়ান্তো আরও বলেন, “শান্তির একমাত্র উপায় হলো— ইব্রাহিমের বংশধর আরব ও ইহুদিদের মধ্যে পুনর্মিলন। মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—সকল ধর্মের মানুষকে মানব পরিবার হিসেবে একসঙ্গে বসবাস করতে হবে। ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি কি শুধু একটি স্বপ্ন? হয়তো, তবে এটি সুন্দর একটি স্বপ্ন, যার জন্য আমাদের সকলে একসাথে কাজ করতে হবে।”
এদিকে, ইন্দোনেশিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সুবিয়ান্তো জানিয়েছেন, ইসরায়েল যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

