পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা সবাই নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সদস্য ছিলেন।
কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী এএফপিকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর আগে, মাত্র দু’দিন আগে বুধবার, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৩ জন টিটিপি সদস্য নিহত হয়।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ। এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনারা সরে গেলে তালেবান কাবুল দখল করে, এরপর থেকে সীমান্তবর্তী প্রদেশগুলোতে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়।
২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার মাত্রা ছিল বিশেষভাবে উদ্বেগজনক। এ বছরে দেশজুড়ে মোট ১৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা গত এক দশকের মধ্যে ৪০ শতাংশ বেশি। এসব হামলায় ৬৮৫ সেনা ও ৯২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিপরীতে, গত বছরে সেনা-পুলিশ যৌথ অভিযানে ৯৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

