ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় ভয়াবহ পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। সর্বশেষ হিন্দুস্তান টাইমসের আপডেটে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্তত ৪০ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছে।
পুলিশ সূত্র জানায়, থালাপতি বিজয় মঞ্চে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে কাছে থেকে দেখার জন্য বিপুল জনতা ব্যারিকেডের দিকে ধেয়ে আসেন। এক পর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়, অনেকেই জ্ঞান হারান এবং পরবর্তীতে পদদলনের ঘটনা ঘটে।
অন্য এক পুলিশ কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনসভায় ৩০ হাজার মানুষ সমাগমের অনুমান ছিল, কিন্তু বাস্তবে সেখানে প্রায় ৬০ হাজার মানুষ ভিড় করেন। অতিরিক্ত ভিড়ই ঘটনার মাত্রা বাড়িয়ে দেয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ শীর্ষ নেতারা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনসভায় থালাপতি বিজয়ের আগমন নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর ঘটে। তার দেরির কারণে জনসমাগম আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

