ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরো অন্তত ৯১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক।
নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা, যাদের ছয়জন ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হন। মধ্য গাজার সারায়া এলাকায়ও বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমাবর্ষণ চালানো হয়।
প্রতিদিন প্রায় একশোর কাছাকাছি ফিলিস্তিনি নিহত হচ্ছেন, তবুও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, “সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ হবে না।” তিনি হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন।
আগামী সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। তখনই স্পষ্ট হবে ইসরায়েল এই চুক্তি মানবে কি না।
তবে এরই মধ্যে জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, “হয়তো যুদ্ধবিরতিচুক্তির দ্বারপ্রান্তে আমরা পৌঁছে গেছি।”

