ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ভয়ঙ্কর টাইফুন ‘বুয়ালোই’। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে হাতিন প্রদেশে প্রবল বাতাস ও বৃষ্টিপাতে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর ১৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।
টাইফুনের তাণ্ডবে গাছপালা উপড়ে যায়, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং প্রধান সড়কগুলোতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রদেশটির অনেক এলাকায় এখনও বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে, যা স্থানীয়দের জীবনযাত্রা আরও কঠিন করে তুলেছে।
পূর্বাভাসের কারণে শনিবার থেকে উপকূলীয় এলাকায় ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল। কর্তৃপক্ষ আগে থেকেই ১০টি উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়া সব মাছ ধরার ট্রলারের জন্য বন্দরে আশ্রয় নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কয়েকটি বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভিয়েতনামের নাগরিকরা এখনও টানা বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাসের সঙ্গে লড়াই করছেন। উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

