গাজা উপত্যকায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলের প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দুই ইসরাইলি সেনা। আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। তাদের খবরে বলা হয়, উত্তর গাজার একটি এলাকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে দুই সেনা নিহত হন এবং নয়জন গুরুতর আহত হন।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি ছিল একটি সমন্বিত হামলা। প্রতিরোধ যোদ্ধারা কেবল মিসাইলই ছোড়েননি, তারা একটি ট্যাংক ধ্বংস করে এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত করেন। আরও ভয়াবহ দৃশ্য তৈরি হয় যখন প্রথম হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছায়—সেই মুহূর্তেই আবার বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে ইসরাইলি গণমাধ্যম হাদাশোট বাজমান গাজা সিটির আল-জালা সড়কে “গুরুতর ঘটনা”র খবর দিয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সন্ধ্যার দিকে সেখানে বড় ধরনের হামলা চালানো হয়।
আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। কেউ কেউকে ইয়াকভ হাসপাতালে পাঠানো হয়, আবার কিছু গণমাধ্যম জানিয়েছে, আহতদের সরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাজায় প্রতিদিনের এই সংঘর্ষ নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক হামলাগুলো ইসরাইলি সেনাদের জন্য বড় ধরনের ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

