পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি ঘটেছে শহরের একটি ব্যস্ত সড়কে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্বাস্থ্য সচিব মুজিবুর রহমানও জানিয়েছেন, সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে সব চিকিৎসক, নার্স ও কর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শহরের কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও হামলার মাত্রা বেড়েছে। ৩ সেপ্টেম্বর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছিল। এর আগেও খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছে।
সরকারি হিসেবে, ২০২৪ সালের শুরু থেকে বেলুচিস্তানে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন। শুধু জানুয়ারি থেকে এখন পর্যন্ত সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।

