ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম জানিয়েছেন, রাজা হলে তিনি রাজতন্ত্রে পরিবর্তন আনবেন। তবে এটি মৌলিক রূপান্তর নয়, বরং প্রয়োজনীয় কিছু রদবদল হবে বলে উল্লেখ করেছেন তিনি। অ্যাপল টিভি প্লাসের দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার অনুষ্ঠানে অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উইন্ডসর ক্যাসেলে লেভিকে ঘুরিয়ে দেখাতে দেখাতে উইলিয়াম বলেন, তার এজেন্ডায় ইতিবাচক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমি পরিবর্তনকে ভয় পাই না, বরং এটাই আমাকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করে। তবে এটি কোনো অতিরিক্ত মৌলিক পরিবর্তন হবে না।”
তিনি জানান, ইতিহাস কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়। তার ভাষায়, “অতীত যদি সতর্কতার সঙ্গে সামলানো না হয়, তবে সেটি শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে। তাই বর্তমানের জন্য বেঁচে থাকাটাই জরুরি।”
রাজপ্রথার গুরুত্ব মেনে নিয়েও উইলিয়াম বলেন, প্রথাগুলো নিয়ে প্রশ্ন তোলা জরুরি। “প্রথাগুলো কি এখনো কার্যকর? এগুলো কি আমাদের কাজে লাগছে? এসব প্রশ্ন করা প্রয়োজন।”
আলাপচারিতায় তিনি নিজের দায়িত্ব, পরিবার ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। স্ত্রী ও বাবার ক্যানসারের চিকিৎসার সময় পরিস্থিতি সামলানো তার জন্য মানসিক চাপের ছিল বলে জানান তিনি। “পরিবারকে ঘিরে চিন্তা আমাকে ভোগায়। তবে সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় খোলামেলা আলোচনা করি, যাতে তারা বোঝে সবকিছু ঠিক আছে।”
তিনি আরো বলেন, “গত বছর আমার স্ত্রী ও বাবা যেভাবে পরিস্থিতি সামলেছেন, তাতে আমি গর্বিত। সন্তানরাও অসাধারণভাবে মানিয়ে নিয়েছে।”
উইলিয়াম জানান, তিনি চান তার ছেলে এমন এক বিশ্বে বেড়ে উঠুক, যেটি নিয়ে সে গর্ব করতে পারে।
তবে পুরো সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির প্রসঙ্গ ওঠেনি। এরপরও উইলিয়াম বলেন, তিনি চান না রাজপরিবার আবার অতীতে পার করা তিক্ত অভিজ্ঞতায় ফিরে যাক।

