ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। গাজা উপকূলে পৌঁছার সময় পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেট’ নামের জাহাজটি দখল করে ইসরায়েলি সৈন্যরা।
এর আগে নৌবহরের অন্য সব জাহাজ ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে, তবে ম্যারিনেট জাহাজটি তখনও স্বাধীনভাবে চলছিল।
লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনীর সদস্যরা জোর করে জাহাজটিতে প্রবেশ করেন। জাহাজটিতে ছয়জন ক্রু ছিলেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক উদ্যোগ, যা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করে। এই নৌবহরে ৪০টির বেশি বেসামরিক নৌযান রয়েছে। মোট ৫০০ মানুষ বহরে আছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক এবং সাংবাদিক রয়েছেন।
ফ্লোটিলার লক্ষ্য হলো গাজার উপকূলে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়া এবং অবরোধের মধ্যেও দুর্গত মানুষদের সহায়তা করা। তবে ইসরায়েলি বাহিনীর পদক্ষেপে এই প্রচেষ্টা এখন কঠিন হয়ে পড়েছে।

